করোনার টিকা উন্মুক্ত করলো রাশিয়া

৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৭  
প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে জনসাধারণের ওপর প্রয়োগের জন্য স্পুটনিক ভি টিকার অনুমতি দিয়েছে রাশিয়া সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের যৌথ উদ্যোগে স্পুটনিক ভি টিকা তৈরি করা হয়েছে। প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে পার করেছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসীর করোনা টিকা গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে এই টিকার প্রথম ব্যাচ পৌঁছে যাবে।